লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:৫৬

লক্ষ্মীপুরে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় হারুনুর রশিদ হারুন (৫২) নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হারুন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিত্সার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে হারুনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয় লোকজন হারুনকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে হারুনের দুই হাতের কবজি, পা ও মাথা জখম হয়। সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন বলেন, এর আগেও বিএনপির সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালিয়েছিল। এবারও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।