আফগানিস্তান নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনকে আমন্ত্রণ রাশিয়ার

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০০:১০

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। যদিও ভারতকে এই তালিকায় বাদ দেওয়া হয়েছে। আফগানিস্তানের তালেবানরা ক্রমেই অগ্রসর হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য রাশিয়া জরুরি পদক্ষেপের পরিকল্পনা করেছে। খবর এনডিটিভি ও বিবিসির

কাতারে আগামী ১১ আগস্ট ট্রয়কা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে একই ধরনের বৈঠক ১৮ মার্চ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তান নিয়ে সমঝোতার জন্য ‘মস্কো ফরম্যাট’ আলোচনাও করেছে রাশিয়া। গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, রাশিয়া আফগানিস্তানে পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত এবং অন্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাবে। ধারণা করা হয়েছিল, ট্রয়কা বৈঠকে ভারতকেও আমন্ত্রণ জানানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে রাশিয়ার মতপার্থক্য থাকলেও আফগানিস্তান সংঘাত নিয়ে তারা আলোচনা করতে চায়। তবে ভারতকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে দিল্লি এখনো কোনো মন্তব্য করেনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যে শান্তিচুক্তি হয়, তার শর্ত ছিল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে এবং তালেবানও আর মার্কিন বাহিনীর ওপর কোনো হামলা চালাবে না। চুক্তির আরো শর্তের মধ্যে ছিল তালেবান আর আল-কায়েদা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেবে না। আফগান শান্তি আলোচনা চালিয়ে যাবে। কিন্তু এই চুক্তির পরবর্তী দিনগুলোতেও তালেবান আফগান নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। আর এখন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে, তখন অবিশ্বাস্য দ্রুত গতিতে আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।