যুক্তরাষ্ট্রে ছয় মাসে সর্বোচ্চ আক্রান্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০০:১০

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে যুক্তরাষ্ট্র। এক দিনেই দেশটিতে নতুন করে ১ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। যেসব এলাকায় ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা কম সেখানে ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়েছে। ফলে সংক্রমণও আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে। এদিকে চীনে আক্রান্তের অর্ধেকই ডেলটা ভ্যারিয়েন্ট। আর বিশ্বে গত ২০ মাসে ২০ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির

করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৬ হাজার ৪৭১ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ২৯৯ জন। আর সুস্থ ২ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৩১৬ জন। টানা সাত দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ৯৪ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। দেশটির সংক্রামক রোগের বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছেন, অতিসংক্রামক ডেলটা ভ্যারিয়েন্টের কারণে আগামী দিনগুলোতে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হয়ে প্রতিদিন ২ লাখ সংক্রমণ শনাক্ত হতে পারে। সর্বপ্রথম ভারতে শনাক্ত হওয়ায় ডেলটা ভ্যারিয়েন্ট ভারতীয় ধরন হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, দেশটিতে নতুন শনাক্ত হওয়া সংক্রমণের মধ্যে ৮৩ শতাংশই ডেলটা ভ্যারিয়েন্ট। হোয়াইট হাউজের কোভিড-১৯ রেসপন্স টিমের তথ্য অনুযায়ী, নতুন সংক্রমণের মধ্যে ৯৭ শতাংশই ভ্যাকসিন নেয়নি।

বর্তমানে ফ্লোরিডা, টেক্সাস এবং লুইজিয়ানার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে। এদিকে সংক্রমণের গতিরোধ করতে রেস্টুরেন্ট, জিম এবং অন্যান্য ব্যাবসায়িক কেন্দ্রে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখানোর নিয়ম জারি করেছে নিউ ইয়র্ক। ঐ অঙ্গরাজ্যে প্রায় ৬০ শতাংশ মানুষ অন্তত ভ্যাকসিনের এক ডোজ গ্রহণ করেছেন। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কর্মী এবং ক্রেতাদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করেছে।

বিশ্বে ২০ মাসে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি। এর মধ্যে গত ৪০ দিনে ২ কোটি নতুন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৪২ লাখ ৫৮ হাজারের বেশি। সংক্রমণে মৃত্যুর হার ২ দশমিক ১২ শতাংশ। আর সুস্থ হয়েছেন ৯০ ভাগ করোনা রোগী। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ পায়। আর বৈশ্বিক মহামারি ঘোষণা হয় ২০২০ সালের ১১ মার্চ। সংক্রমণ শুরুর ছয় মাস পর ২৮ জুন বিশ্বে শনাক্ত ছাড়ায় ১ কোটি।

চীনের অর্ধেকই ডেলটা ভ্যারিয়েন্ট

চীনের অন্তত ১৫টি প্রদেশে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। ৫০০ জনের বেশি আক্রান্ত হয়েছে যাদের অর্ধেকই ডেলটা। সেখানে নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবারই ৯৪ জন আক্রান্ত হয়েছেন, যাদের ৩২ জনের উপসর্গ দেখা গেছে। দেশটির ৬১ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, স্কুল খোলার পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় সেটা পিছিয়ে দেওয়া হতে পারে।