ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সকালে টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকাল থেকে ভাদাম এলাকায় ক্রসলাইন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ারশেলে আহত হয় ৩৩ জন।
জানা যায়, সকালে ভাদাম এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করে। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট ৫৮ রাউন্ড শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন শ্রমিক ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাঁচ জন ও তিন আনসার সদস্য আহত হয়। পরে আহতদের টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে টঙ্গীর দাডাইল এলাকায় এস অ্যান্ড পি সোয়েটার পোশাক কারখানায় হঠাত্ করে কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে। পরে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ কারখানা কর্তৃপক্ষকে নিয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে আইন মেনে কারখানা পরিচালনা করার নির্দেশ দেওয়া হলে শ্রমিকরা শান্ত হয়ে কর্মস্থলে ফিরে যান।
