রাজধানীর মুগদা এলাকা থেকে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাং ‘চানজাদু গ্রুপ’-এর চার সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো—দলনেতা ইমন ওরফে টাইগার ইমন, আব্দুল রাব্বি, সাজ্জাদ হোসেন ও সুজন মিয়া। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন র?্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মুগদা থানার মান্ডা এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানিসহ বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বুধবার রাতে র্যাব-৩-এর একটি দল মান্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় চানজাদু গ্রুপের চার সদস্যকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি স্টিলের বাটন, একটি সুইচ গিয়ার চাকু, একটি বক্সিং পাঞ্চার যন্ত্র এবং একটি রুপালি রঙের অ্যালুমিনিয়ামের চেইন জব্দ করা হয়। এ ছাড়াও আসামিদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে তাদের মাদকদ্রব্য গ্রহণের ভিডিওসহ উচ্ছৃঙ্খল আচরণের টিকটক অ্যাপে তৈরি বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপিং পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ ছাড়াও তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদের টার্গেট করে ব্যাগ-পার্টস ছিনতাই করে থাকে। তারা রাস্তায় দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। অর্থ উপার্জনের জন্য তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। তাদের গ্রুপের দলনেতা ইমন ওরফে টাইগার ইমন। আসামিদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা করা হয়েছে বলে জানান বীণা রানী দাস।
