সাভারের সিঙ্গার বাংলাদেশ কোম্পানির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে রাজফুলবাড়িয়া এলাকার টিনশেড গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে গেলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপরীত পাশের একটি ডোবা থেকে পানি আনা হয়। এ সময় মহাসড়কের ওপর দিয়ে আনা পানির পাইপ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ওয়্যারহাউজ ইনচার্জ মামুন আহমেদ বলেন, তাদের কারখানায় তৈরি ফ্রিজ, এসিসহ বিভিন্ন পণ্য এই গুদামে রাখা হয়। গুদামে সিকিউরিটি গার্ড ছাড়া তেমন কেউ থাকে না। তাই কেউ হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা গেছে, গুদামের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ঈদ পরবর্তী সময়ে এবং লকডাউন থাকায় গুদামে মালামাল তুলনামূলকভাবে কম ছিল।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি, ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্প নগরীর তিনটি, ঢাকা থেকে একটিসহ মোট ১২টি ইউনিট কাজ করে। কারখানাটিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল ও প্লাস্টিক পণ্য থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
