কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে যুবসমাজের অবক্ষয় ও অপসংস্কৃতি রোধে শহিদ শেখ কামালের আদর্শ ও চেতনাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শেখ কামাল ছিলেন অনন্য ক্রীড়া সংগঠক, যিনি খেলাধুলায় নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলাধুলায় অনন্য উচ্চতায় পৌঁছাতে পারত।
গতকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর প্রতিষ্ঠাতা শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরো বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন অত্যন্ত সৃজনশীল ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’ গঠন করেছিলেন। একাধারে তিনি ছিলেন রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমিক। তিনি ৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আবাহনী সমর্থকগোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান, উপদেষ্টা কাজী আব্দুল হাকিম, বরকত-ই-খুদা, মির্জা ফজলুল হক, সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের কিছু তথাকথিত সেলিব্রেটি সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছে। বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে তরুণ সমাজ ও জাতিকে তারা বিভ্রান্ত করছে। অপসংস্কৃতি রোধে বর্তমান অভিযান চলমান থাকবে। ‘ভুঁইফোঁড় সংগঠনের কোনো জায়গা আওয়ামী লীগে নেই’ উল্লেখ করে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক বলেন, ‘ন্যায় ও সততার পথে থেকে দল করতে হবে।’
