বার্সেলোনার একটা যুগের অবসান হলো। বিশ্ব ফুটবলেও অবসান হলো একটা যুগের। আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হল বার্সেলোনার। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন চুক্তি স্বাক্ষর সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিলেন মেসি। কিন্তু সেখান থেকে কোনও সমাধান সূত্র মেলেনি।
এফসি বার্সেলোনা ক্লাব গতকাল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, আগামী মৌসুমে মেসি আর বার্সায় নেই। বার্সেলোনা এবং লিওনেল মেসি একটা সমঝোতায় আসার পরেও এবং দুই পক্ষই চুক্তিতে সই করতে আগ্রহী থাকলেও স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক বিধিনিষেধ থাকায় তা সম্ভব হল না। এর ফলে মেসির পক্ষে আর বার্সিলোনায় থাকা সম্ভব হচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয়, ক্যারিয়ারের শেষ পর্যন্ত একসঙ্গে থাকার যে ইচ্ছে ছিল তা পূরণ না হওয়ায় দুই পক্ষেরই আফসোস হচ্ছে। বার্সেলোনা হূদয়ের অন্তঃস্থল থেকে এ ফুটবলারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ক্লাবের প্রতি তার অবদান ও সাফল্যর জন্য এবং তার পরবর্তী ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।
কোপা আমেরিকা কাপ চলাকালীন বার্সেলোনা থেকে বলা হয়েছিল, মেসি ৫০ ভাগ বেতনে পুনরায় চুক্তি করতে রাজি হয়েছে। ফুটবল দুনিয়া তখনই জেনে যায় যে মেসি বার্সেলোনায় থাকছে। কোপা আমেরিকা জয় করার পরে ফ্লোরিডায় ছুটি কাটিয়ে দু’দিন আগেই স্পেনে ফিরেছিলেন মেসি। ধারণা ছিল, বৃহস্পতিবারই মেসি এবং বার্সেলোনার মধ্যে চুক্তি যে কোনও সময় সম্পন্ন হবে। কিন্তু আকস্মিকভাবেই গতকাল বার্সেলোনা মেসির ক্লাবে না থাকার কথা ঘোষণা করে। ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় ক্লাবে আর থাকা হলো না ক্লাবটির ইতিহাসের রেকর্ড শিরোপাজয়ী ও রেকর্ড গোলদাতা মেসির। লা লিগার দ্বিতীয় সর্বাধিক শিরোপা জয়ী ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেরও মালিক ৩৪ বছর বয়সী এই তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। গত ৩০ জুন মেসির সঙ্গে ক্লাবটির চুক্তি শেষ হয়। ১৩ বছর বয়সে বার্সায় নাম লিখিয়েছিলেন মেসি।
