খুলনার তিন হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু 

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১২:০৪

খুলনার তিনটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিন (৮৭), সদর এলাকার নূর জাহান (৭৮), শামসুর রহমান (৫৫), যশোর কোতোয়ালি এলাকার রূপা (৩১) ও অভয়নগরের রহমত আলী (৬৫)। 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এরমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭ জন ভর্তি ও ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার আমতলার পরিতোন্নেছা (৭০) ও গোপালগঞ্জের ফরিদ আহমেদ (৫৮)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী ভর্তি ও ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৪৪০

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, বাগেরহাট ফকিরহাটের দেলোয়ার হোসেন (৫২) । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৬ জন ও এইচডিইউতে তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। এরমধ্যে ১০ জন পুরুষ ও ১৮ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন ও ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ জন ও এইচডিইউতে ২জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন ও ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

ইত্তেফাক/এএএম