বাংলাবাজার ঘাটে আটকে আছে পণ্যবাহী ট্রাক

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:১৯

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

কঠোর লকডাউনে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বাংলাবাজার ঘাটে। জরুরি পণ্যবাহী ট্রাক পার হলেও ভারী পণ্যের গাড়ি টার্মিনালে জটলা বেঁধে থাকতে হয়। এতে ট্রাকে থাকা চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে ট্রাকচালক-শ্রমিকদের এই দুর্ভোগের চিত্র দেখা গেছে। সরজমিনে জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ। যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় পণ্য আনা-নেওয়ার জন্য এ রুট ব্যবহার করে পণ্যবাহী পরিবহনগুলো। বাংলাবাজার ফেরিঘাটে আটকে থাকা এক ট্রাকচালক বলেন, ঘাটে আমরা প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হই। সিরিয়ালে অনিয়ম হয়। আমাদের ট্রাকে মাঝে-মধ্যে মালামাল চুরি হয়। কর্তৃপক্ষ এসব বন্ধে ব্যবস্থা নিলে খুশি হব। তবে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা পচনশীল দ্রব্যের পরিবহন আর অ্যাম্বুলেন্স অগ্রাধিকারভিত্তিতে পার করছি। এই কয়েক দিন ঘাটে যাত্রী বেশি থাকায় অন্য পরিবহন কম পার হচ্ছে। তবে এখন নিয়মিত ট্রাক পারাপার করছি। বর্তমানে এ রুটে নিয়মিত ১০টি ফেরি চলাচল করছে। আর বড় ফেরি পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় বন্ধ রেখেছি।’