আদমদীঘিতে যাত্রী ছাউনিতে দোকান!

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২১

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে যাত্রীদের বিশ্রামাগার দখল করে চা-মিষ্টির দোকান চালাচ্ছে একশ্রেণীর ব্যবসায়ী। ফলে যাতায়াতের যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শুক্রবার সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় যাত্রী আছমা বেগম বলেন, গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু যাত্রী ছাউনির ভেতরে চা ও মিষ্টির দোকান থাকায় সেখানে পুরুষদের আড্ডা চলে। বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। তাই বাইরে দাঁড়িয়ে আছি। পবিত্র কুমারসহ একাধিক যাত্রীও একই কথা বলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।