মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। উপজেলার হাটবাজারে কয়েক দিনের ব্যবধানে প্রতি মণ মরিচের পাইকারি দাম ২ হাজার ৫০০ থেকে বেড়ে শুক্রবার প্রতি মণ মরিচের দাম ৫ হাজার ৭০০ টাকা থেকে ৫ হাজার ৮০০ টাকা দরে ব্যাপারীরা কিনছেন। এতে মরিচের পাইকারি প্রতি কেজি ১৪৫ টাকা এবং খুচরা বাজারে এ মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। অতিবৃষ্টির ফলে উপজেলার মরিচ পানিতে ডুবে ক্ষতি ও এবং অনেক এলাকার মরিচ ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাত্ মরিচের আমদানি কমে যায়। চাহিদার তুলনা মরিচ সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। মধুখালী মরিচ বাজারের আড়তদার মো. আতিয়ার রহমান মোল্যা ও আকবর হোসেন আকু মোল্যা জানান, গত দুই দিন কাঁচা মরিচের প্রতি মণ কিনেছি ৪ হাজার ৮০০ টাকায় । শুক্রবার সেই মরিচের দাম বেড়ে ৫ হাজার ৮০০ টাকায় কিনতে হচ্ছে। তাদের আড়তে থেকে ঢাকা, খুলনা, যশোরের মনিরামপুরসহ বেশ কয়েকটি এলাকার ব্যাপারীরা আসেন মরিচ কিনতে। উপজেলা কৃষি কর্মকর্তা আলিভির রহমান জানান, মধুখালী উপজেলার কিছু মরিচখেত অতিবৃষ্টির কারণে নষ্ট হয়। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।
