নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
নলছিটিতে এক গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিওধারণের অভিযোগে মো. লিটন ব্যাপারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আটকের পর শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগকারী জানান, উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মোসলেম ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে সে বরিশালের আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করে এবং কৌশলে তার মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। সম্প্রতি ঐ যুবক তার স্বামীর কাছে এসব ছবি ও ভিডিও পাঠায়। পরে সে এ বিষয়ে গত ২৭ জুলাই নলছিটি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে গত ৫ আগস্ট রাতে গ্রেফতার করে। নলছিটি থানার পুলিশ পরিদর্শক এইচ এম মাহমুদ জানান, পর্নোগ্রাফি আইনে লিটনকে আটক করা হয়েছে।
