পাইকগাছায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২৩

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী (১২)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের ঐ কিশোরীর সঙ্গে আইনবহির্ভূত নোটারি পাবলিকের মাধ্যমে পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের মো. রহমত গাজীর ছেলে মো. মনিরুল ইসলামের বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন এবং আনসার কমান্ডার আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বর, কনে ও তাদের অভিভাবকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে ছেলে ও মেয়ে উভয়ের বয়স কম থাকায় এবং অবৈধ নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে দেওয়ার চেষ্টা করায় উভয়ের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়ে উপজেলা প্রশাসন ঐ বিবাহ বন্ধ করে দেয়।