মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদন-কেন্দুয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল হয়ে পড়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। মদন উপজেলা থেকে কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যেতে এ সড়ক দিয়েই প্রতিনিয়ত চলাচল করতে হয়। সড়কের মদন সদর থেকে গোগের কানিজয়ার খাল নামক স্থান পর্যন্ত ৯.২৪০ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক।
বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর মিয়া বলেন, সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে বর্ষাকালে যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটির এমন অবস্থার কারণে যানবাহনের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল বলেন, তিন বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই গর্ত হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর হোসাইন জানান, সড়কটি সংস্কারের জন্য ইস্টিমেট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। চলতি মাসের ২২/২৩ তারিখ ময়মনসিংহে মিটিং হবে।
