কিশোরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মোবাইল ফেরত চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের হারুয়া এলাকার কলেজ-ফিশারি লিংক রোডে। নিহত জয় (১৬) হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে। অভিযুক্ত ফাহিম (২০) একই গলির বকুলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট জয়ের মোবাইল ফোনটি ফাহিম নিয়ে যায়। পরে ফেরত চাইলে ফাহিম মোবাইল ফোনটি দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়কে ঘটনাস্থলে একাকী পেয়ে ফাহিম ছুরি দিয়ে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় স্থানীয়রা জয়কে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, অভিযুক্ত ফাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।