খুলনা বিভাগে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু
খুলনা অফিস খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৬১ জনের। শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার খুলনা বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৯ জন, ঝিনাইদহে ছয় জন, যশোরে পাঁচ জন, মেহেরপুরে চার জন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছে।
নাঙ্গলকোটে করোনার সংক্রমণ বাড়ছে
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মানুষ করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে। পরীক্ষায় প্রতিদিন ৩০-৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের নিয়ে স্বজনরা বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন। কেউ দেনদরবার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৮৩৬ জন। আর মারা গেছে ২৯ জন। বর্তমানে বাসায় আইসোলেশনে আছে ৬৬৩ জন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. দেবদাস দেব বলেন, করোনা পরিস্থিতি খারাপ আকার ধারণ করেছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে। তিনি মাস্ক পরিধান, দ্রুত টিকা গ্রহণ এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সবার প্রতি আহ্বান জানান।
পাংশায় অস্ত্র ও মাদকসহ আটক ৩
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা পাংশায় একটি বিদেশি পিস্তল ও ৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার পাংশা উপজেলার ভট্টাচার্য গ্রামে এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে র্যাব-০৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আটককৃতরা হলো, আশরাফুজ্জামান, মিন্টু মণ্ডল এবং মামুন শিকদার। ফরিদপুর র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঐ গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি পিস্তল, ইয়াবা ও নয়টি সিমকার্ডসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নান্দাইলে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ঝুঁকিপূর্ণ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের ৬ নম্বর চর উত্তরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশ ও ভেতরের দেওয়াল ভাঙা, চালের কিছু টিনও নেই। বর্তমানে পিলারের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ভবনটি। এর ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্্ঘটনা। জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালে। সরকারীকরণ হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ের চার কক্ষ বিশিষ্ট পুরোনো এ ভবনটি কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, আমি ২০১৮ সালের শেষের দিকে এ বিদ্যালয়ে যোগদান করেছি। তার আগেই বিদ্যালয়ের এমন অবস্থা হয়েছে। পরিত্যক্ত ভবনটি নিলামে দেওয়ার জন্য আমি শিক্ষা অফিসকে লিখিতভাবে জানিয়েছি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, এ ঘটনাটির ব্যাপারে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সিরাজগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের সলঙ্গায় বৃহস্পতিবার গভীর রাতে র্যাব অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে। এরা হলো—রোকন মিয়া এবং আব্দুল মান্নান। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহূত একটি ট্রাক জব্দ করা হয়। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া শিকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক কেনাবেচার জন্য থাকা ১ লাখ ৬৮ হাজার টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার সকালে মামলা দিয়ে তাদের সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
