আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) হতে অর্থ সহায়তা পেতে ব্যয়সংকোচন কর্মসূচি চালু হচ্ছে আর্জেন্টিনায়। দেশটির সিনেট অজনপ্রিয় ব্যয়সংকোচন-মূলক বাজেটে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এএফপির সংবাদ অনুযায়ী বৃহস্পতিবার কংগ্রেসে ১২ ঘণ্টারও বেশি সময় বিতর্কের পর আগামী অর্থ বছরের বাজেট নিয়ে ভোট গ্রহণ করা হয়। এ সময় কংগ্রেস ভবনের বাইরে বিভিন্ন পক্ষ বিক্ষোভ প্রদর্শন করে। আইএমএফ হতে মোট ৫ হাজার ৬শ কোটি ডলার অর্থ সহায়তা পেতে কৃচ্ছ্রতাসাধনের মতো কর্মসূচি পালন করছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান, পরিবহন, পূর্তকাজ এবং সংস্কৃতি খাতগুলোয় সম্মিলিতভাবে ১ হাজার কোটি ডলার ব্যয় কমাচ্ছেন।
