ওটিটি ও নির্মাতাদের প্রসঙ্গে আদনান আল রাজীব

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২৬

 বিনোদন রিপোর্ট

 

সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে প্রকাশ পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’। ডার্ক কমেডি ঘরানার চলচ্চিত্র এই প্রথম এদেশে প্রকাশ পেল। এটির নির্মাতা আদনান আল রাজীব। যিনি নিজেকে অনেক আগে বিজ্ঞাপন নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন তিনি। তবে চলচ্চিত্রের মাঠে একইসঙ্গে ওটিটিতে এটি তার প্রথম পথচলা। ইউটিউমার নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। এ প্রসঙ্গে রাজীব বলেন, ‘একটি কাজ নিয়ে নানা ধরনের আলোচনা হবেই। আমি সবকিছুই নিতে পারি।’ এদিকে সম্প্রতি বেশ ক’জন নির্মাতা ফেসবুকে পেইড রিভিউয়ের অভিযোগ জানিয়েছেন। যার ভুক্তভোগী হন প্রযোজক-পরিচালক। এ প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, ‘বিষয়টি অমূলক নয়। তবে আমার মতে একজন নির্মাতা যদি তার নির্মাণশৈলী ও গল্পটা ঠিকঠাক বলতে পারেন তাহলে ইচ্ছাকৃতভাবে বাজে রিভিউ দিয়ে তার কোনো ক্ষতি করতে পারে না। অন্যদিকে দুর্বল নির্মাণকেও মিথ্যে প্রচার দিয়ে সাফল্য আনা যায় না।’

ওটিটি প্লাটফর্মসহ উন্মুক্ত একাধিক মিডিয়াতে এখন একাধিক নির্মাতা তাদের ইচ্ছে স্বাধীন নির্মাণ করে যাচ্ছে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমাজ ও নৈতিকতার দায়ও এসে পড়ে। সম্প্রতি বেশকিছু নাটক নিয়েও তৈরি হয়েছে সামাজিক তর্ক। এ প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, ‘আমি শিল্পীদের দায় নিয়ে বলতে পারবো না। কারণ এটা একেবারেই তাদের নিজস্ব বোধের ব্যাপার। কিন্তু শিল্প বা আর্টকে সবসময় স্বাধীন রাখা উচিত। এখন কোনটাকে আপনি আর্ট বলবেন, আর কোনটাকে বলবে না, সেটা নিয়ে কথা বলতেই পারেন।’

পেশাদারিত্বেও জায়গায় আগামী দিনের ইন্ডাস্ট্রিতে একজন নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতে পারে কি-না, এমন প্রশ্নে আদনান আল রাজীব বলেন, ‘বিশাল সম্ভাবনা। মাত্র কিছুদিন আগেই আমরা একটি আলোচনা করছিলাম। যে পরিমাণ ওটিটিতে উন্মুক্ত প্লাটফর্ম তৈরি হয়েছে বা আগামী দিনগুলোতে যে পরিমাণ প্লাটফর্ম আসছে তাতে সামনে নির্মাতাদের চাহিদা অনেক বাড়বে। আমি মনে করি এখন যতসংখ্যক নির্মাতা কাজ করছে, তারও কয়েকগুণ নির্মাতা প্রয়োজন এই ইন্ডাস্ট্রিতে।’

নতুন সিনেমার কাজ প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, ‘সিনেমাটাকে এখনো আমি হলের জন্যই বানাতে চাই। তবে ইউটিউমার তৈরি করা হয়েছিল ছোট ডিভাইসে দেখার জন্য।’