বিনোদন রিপোর্ট
আগামী ৯ আগস্ট সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনের বাবা কিংবদন্তী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে তার মা নন্দিত নজরুলসংগীত শিল্পী সালমা সুলতানাও ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আর এই দুটি বিষয় এক করার প্রয়াসে বিশেষ এক উদ্যোগ নিয়েছেন আলিফ। তাদের ৩৮ বছরের পুরনো একটি গান কণ্ঠে তুলেছেন তিনি। ‘তুমি চলে গেছো আমারে কাঁদিয়ে’ শিরোনামের এই গানটি ১৯৮৩ সালে আলাউদ্দিন আলী তৈরি করেছিলেন এবং কণ্ঠ দিয়েছিলেন সালমা সুলতানা। সেটি এবার নতুন সংগীতায়োজনে ভিডিওসহ অবমুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে। এ প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বাংলা বলেন, ‘আব্বু চলে যাওয়ার ১ বছর হয়ে যাচ্ছে। এদিকে মাথায় ঘুরছে এমন কী করা যায়, যাতে ওপারে থেকেও আব্বু খুশি হবেন, আম্মুও। সেই ভাবনা থেকেই আমার অসম্ভব প্রিয় এই গানটি নতুন করে গাইলাম। আমি জানি, তারাও এই গানটিকে অনেক ভালোবাসতেন।’ আলিফ আরো জানান, গানটির নতুন সংগীতায়োজনের পাশাপাশি ভিডিও নির্মাণ করেছেন তারই স্বামী কাজী ফয়সাল আহমেদ। বিশেষ গানচিত্রটি আগামীকাল আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
