সময়ের আর্তনাদে তমালের ‘মুড নেই’

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০০:১১

 বিনোদন রিপোর্ট

 

সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী তমালের নতুন গান ‘মুড নেই’। গানটি লিখেছেন সকাল এবং সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তমাল নিজেই। করোনাকালে বিধিনিষেধে অবরুদ্ধ চিরচেনা মানুষগুলো আচমকা যেন হয়ে গেছে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। চাপা একটা হাহাকার ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। এমনই অবরুদ্ধ সময়ের আর্তনাদ গানটিতে ফুটে উঠেছে বলে জানান তমাল। নতুন এই গানটি প্রসঙ্গে তমাল বলেন, ‘প্রতি সপ্তাহেই একটি করে নতুন গান রিলিজ দিচ্ছি। তারই অংশ হিসেবে নতুন গানটি করা। আশা করছি সময়ের কথা বলতে চাওয়া গানটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিয়মিত সংগীতের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তমাল। অসংখ্য অ্যালবামে সুরকার এবং সংগীতায়োজনের কাজ করেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য ‘সাত রঙে সাতজন’, ‘রঙ-বেরঙের মানুষ’, পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবীর ‘ভালোবাসার রঙ’, ফাহমিদা নবীর একক অ্যালবাম ‘মনে কি পড়ে’ ও ‘স্বপ্নগল্প’ এবং বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর যৌথ অ্যালবাম ‘এক মুঠো গান’।