প্রকাশ পেল শিমুলের মিউজিক্যাল ফিল্ম

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২৮

 বিনোদন রিপোর্ট

 

করিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল প্রকাশিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘আমার পরাণ যাহা চায়’। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিমুল শিকদার। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন ফেরদৌস। মারভিন অধিকারী রূপমের মিউজিকে অস্ট্রেলিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে গানটির দূশ্য ধারণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন ইমন ফেরদৌস ও ইশানা এবং পরিচালনার পাশাপাশি ফিল্মটির সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা করেছেন শিমুল শিকদার নিজেই। রবীন্দ্রনাথের গান নিয়ে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ প্রসঙ্গে শিমুল বলেন, ‘আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত। তার গান শুনে শুনে বড় হয়েছি। মিডিয়াতে কাজ শুরু করার পর খুব ইচ্ছে ছিল রবীন্দ্রসংগীত নিয়ে একটা মিউজিক ভিডিও বানাবো। খুব ভালো লাগছে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তার বিখ্যাত আমার পরাণ যাহা চায় গানটির মিউজিক ভিডিও রিলিজ দিতে পেরে।’

উল্লেখ্য, এই মিউজিক্যাল ফিল্মটি এরইমধ্যে সুইডেন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ সেরা মিউজিক ভিডিও, ট্যাগর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ সেরা পরিচালক ও সেরা এডিটিং, ফার্স্ট মান্থলি ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা ভিজ্যুয়াল অ্যাফেক্ট, কানাডিয়ান সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২১-এ ফাইনালিস্ট ও গ্রেট মেসেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ সেরা মিউজিক ভিডিওসহ ১৮টি আন্তর্জাতিক উত্সবের বিভিন্ন শাখায় পুরস্কার অর্জন করেছে। অন্যদিকে এই মিউজিক্যাল ফিল্মটি শুধু নয়, দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছেন। এর আগে দেশের বেশ কয়েকটি চলচ্চিত্রে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার একটি ইংলিস চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানান।