নোয়াখালী কোভিড হাসপাতালে রেমডিসিভির ইনজেকশন না থাকায় চিকিত্সা ব্যাহত

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:৩০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত দুই দিন ধরে রেমডিসিভির ইনজেকশন না থাকায় চিকিত্সাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের এ ইনজেকশন সংগ্রহ করতে বলেছে। উচ্চ মূল্যের এ রেমডিসিভিরের ইনজেকশন  অনেক রোগীর স্বজনদের ক্রয়ক্ষমতার বাইরে।

শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ডা. নিরূপম দাস  বলেন, এ হাসপাতালে  গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে।  এখন ৮৭ জন রোগী ভর্তি আছেন । তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, বুধবার থেকে হাসপাতালে রোগীদের জরুরি চিকিত্সায় রেমডিসিভির ইনজেকশন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চিকিত্সাসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এতে রোগীর প্রাণহানির ঝুঁকি বেড়ে গেছে। জরুরিভিত্তিতে এ ইনজেকশন সরবাহের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বুধবার রাতে এ ব্যাপারে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, গত অর্থ বছরের বরাদ্দ থেকে রেমডিসিভির ইনজেকশন সরবরাহ করা হয়েছে। এ বছরে অর্থ বরাদ্দ এলে তা সরবরাহ করা হবে।

বিষয়টি রাতেই জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলমকে জানানো হলে তিনি বৃহস্পতিবার দুপুরে কমিটির জরুরি সভা ডাকেন।  জেলা প্রশাসক  জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে আগামী দুই দিনের মধ্যে যেভাবে হোক ৫ হাজার রেমডিসিভির সরবাহ করতে।