বরিশাল অফিস
চলমান করোনা প্রাদুর্ভাবে জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে বেশির ভাগ মুসুল্লি মাস্ক ব্যবহার করেন না। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবার আগে নগরীর বিভিন্ন মসজিদে করোনা থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়ক কালুখান বাড়ি জামে মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এ সময় তিনি বলেন, সরকার করোনা থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। যে কোনো জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। বারবার সাবান দিয়ে হাতধোয়াসহ স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন, মসজিদে জামাতে নামাজ পড়া সাওয়াবের কাজ। সেই সাওয়াব আদায় করতে গিয়ে মাস্ক না পরে অন্যের ক্ষতি করলে তার জন্য জবাবহিদিতা করতে হবে। পুলিশ কমিশনার বলেন, মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের কোনো সদস্য অসদাচারণ করলে কিংবা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. শাহিন খান, কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জুমার নামাজ শেষে পুলিশ কমিশনার বলেন, করোনা থেকে সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল নগরীর কয়েকটি বড় মসজিদে জুমার নামাজে অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মসজিদগুলোতে করোনা থেকে সুরক্ষায় জনগণকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
