শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:৪৪

মো. ওমর ফারুক

শিক্ষাহীন জাতি অন্ধ, স্বাস্থ্যহীন জাতি পঙ্গু। তাই তো নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, ‘উন্নতি এবং অগ্রগতির একান্ত অনুষঙ্গ শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে।’ জ্ঞান যেখানে সীমিত, বুদ্ধি সেখানে আড়ষ্ট। বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুক্তির একই পথ শিক্ষা এবং অবশ্যই তা সুশিক্ষা। তবে সুশিক্ষা এবং মানসম্মত শিক্ষার প্রকৃষ্ট উপকরণ হলো মেধাবী এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক। ইউনেস্কোর ভাষ্য মতে, যে দেশে শিক্ষকের মান যত ভালো, সে দেশের শিক্ষা ব্যবস্থাপনা তত উন্নত।

আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে, মানসম্মত শিক্ষার ২০ শতাংশ নির্ভর করে শিক্ষার অনুকূল পরিবেশ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার ওপর, কিন্তু ৮০ শতাংশ নির্ভর করে যোগ্য শিক্ষকের ওপর। একজন যোগ্য শিক্ষক গাছতলায় বসেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারেন। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, তবে মেধার আবেদন শিরোধার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মেধাবী মানুষগুলোকে শিক্ষকতা পেশায় সম্পৃক্ত করার জন্য আকর্ষণীয় প্রণোদনা আমাদের দেশে নেই। আমাদের দেশের শিক্ষার মান ও শিক্ষা বাজেট দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে সর্বনিম্ন।

যোগ্য শিক্ষক এবং দক্ষ ব্যবস্থাপক তৈরি করতে প্রশিক্ষণের ভূমিকা নিঃসন্দেহে অপরিসীম। তবে এ কথাও সত্য, রবীন্দ্রনাথকে প্রশিক্ষণ দিয়ে আইনস্টাইন বানানো যেত না। প্রজ্জ্বলিত সূর্যটাকে আলো ছড়াতে কোনো প্রশিক্ষণ দিতে হয়নি। কিং কোবরা জন্মগতভাবেই ভয়ংকর বিষধর, পক্ষান্তরে ধোড়া সাপ পেকে লাল হয়ে গেলও বিষধর হয় না। একই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, কিন্তু বোলতা সংগ্রহ করে বিষ। ফুটো কলসে সকাল থেকে সন্ধ্যাবধি পানি ঢাললেও সে কলস কখনোই পূর্ণ হয় না। সুতরাং মেধা আগে, প্রশিক্ষণ পরে। নীতিহীন, আদর্শহীন, অকর্মণ্য, অপদার্থ মানুষটিকে হাজারো প্রশিক্ষণ দিলেও, ভালো শিক্ষক বানানো যায় না, দক্ষ প্রশাসক  সে হতে পারবে না। তাই তো বলা হয়, A teacher is born, not made। ভালো শিক্ষক জন্মায়, তৈরি করা যায় না।

A good teacher himself is a method. Teacher's method is the best method. পক্ষান্তরে একথাও সত্য, মেঘাচ্ছন্ন আকাশে প্রজ্জ্বলিত সূর্যটাও আলো ছড়াতে পারে না, কাচের পাত্রে কোনো গোলাপের বীজ অঙ্কুরিত হয় না। গোলাপ ফোটানোর জন্য প্রয়োজন প্রথমে গোলাপের বীজ, তারপর মাটি, পানি, আলো ও বাতাস। পরিচর্যাকে যদি প্রশিক্ষণ বলি, তবে বীজ হিসেবে প্রশিক্ষণের আগে যোগ্য ও মেধাধী মানুষটিকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে।

অধ্যক্ষ, এম এস জোহা কলেজ, চুয়াডাঙ্গা