রূপগঞ্জ ট্র্যাজেডি :আরো ২১ লাশ হস্তান্তর আজ

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে আরো ২১টি লাশ আজ শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে লাশগুলো বুঝে নেবেন স্বজনরা। এর আগে গত বুধবার নারায়ণগঞ্জর জেলা প্রশাসকের মাধ্যমে এ ঘটনায় নিহত ২৪টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের ফ্রিজারে রাখা ১৫টি লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, রূপগঞ্জের আগুনে নিহতদের মধ্যে ২১টি লাশ আজ শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বুধবার সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন সাংবাদিকদের জানান, রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮টি অঙ্গার হওয়া মৃতদেহের শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার মাধ্যমে ৪৫ লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত প্রক্রিয়াধীন রয়েছে।