পাঁচ নারী পাচ্ছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট পাঁচ নারী পাচ্ছেন ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা গতকাল শিশু একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে  বিস্তারিত জানান। তিনি জানান, নারীদের আর্থিক সাহায্য ও  কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ৬৪ জেলার ৪ হাজার অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার নারীকে ২ হাজার টাকা করে মোট ৪০ লাখ নগদ টাকা ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। অনলাইনে আরো যুক্ত থাকবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক।