ডিএসসিসির প্রকৌশলী বরখাস্ত
ইত্তেফাক রিপোর্ট
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে শতভাগ বিল পরিশোধ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বৃহস্পতিবার ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মাস্তা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৭৫ নম্বর ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের ওপর সেতু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। তাই প্রকল্পের পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণসহ চাকরি হতে সাময়িকভাবে বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক তাকে চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
