যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবনে দাঙ্গা

মোকাবিলায় কাজ করা পুলিশ সদস্যদের মেডেল দেবে বাইডেন প্রশাসন

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৪৭

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে দাঙ্গা ঠেকাতে যেসব পুলিশ সদস্য জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছিলেন, তাদেরকে কংগ্রেসনাল গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিলে সই করেছেন। যেটি এখন আইনে পরিণত হবে।

সিএনএনের খবরে বলা হয়েছে, সিনেটের তথ্য অনুযায়ী কংগ্রেসনাল গোল্ড মেডেল মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ সম্মাননা। জাতীয় ক্ষেত্রে অনন্য অর্জন ও অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মানে ভূষিত করা হয়। রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন ক্যাপিটল ভবন, সংবিধান এবং মার্কিন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের রক্ষার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সেদিনের ঘটনা গণতান্ত্রিক ছিল না। এটি দাঙ্গা, বিদ্রোহ, ধ্বংসযজ্ঞ। এই ঘটনা অসাংবিধানিক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারি না। আমরা আমাদের পুলিশ সদস্যের বীরত্ব ভুলে যেতে দেব না। যদিও এই সম্মাননা প্রদানের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে ২১ রিপাবলিকান কংগ্রেসম্যান ভোট দিয়েছিলেন।