রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ পাঁচ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ দুই জন এবং করোনার উপসর্গে আট জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এ নিয়ে চলতি আগস্টের ছয় দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৮। এর আগে জুলাইয়ে ৫৬৬ এবং জুনে ৪০৫ জন করোনা ও উপসর্গে মারা যান।
রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর আট (পজিটিভ তিন, উপসর্গ চার, পজিটিভ থেকে নেগেটিভ এক) জন, চাঁপাইনবাবগঞ্জের এক (পজিটিভ) জন, নাটোরের দুই (পজিটিভ এক, উপসর্গ এক) জন, নওগাঁর এক (পজিটিভ থেকে নেগেটিভ) জন, কুষ্টিয়ার এক (উপসর্গ) জন ও পাবনার দুই (উপসর্গ) জন। তিনি বলেন, শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০৩ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।
পরিচালক জানান, শুক্রবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন ৪০৩ জনের মধ্যে ১৮২ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪২ জন। এছাড়াও চিকিত্সা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিত্সাধীন রয়েছেন ৭৯ জন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দুই জেলার ৫৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৩০ জনের। রামেক ভাইরোলজি ল্যাবে রাজশাহীর ২৪৭ জনের নমুনায় ৩১ জনের এবং চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জনের নমুনায় চার জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে রামেক হাসপাতালের মলিকুলার ল্যাবে ২৮২ জনের নমুনায় ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৩.৮১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১১.৭৬ শতাংশ।
