টিকা নেওয়া ব্যক্তিরাও করোনা ভাইরাস ছড়াতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংস্থাটির পরিচালক ড. রিশেল ওয়ালেনস্কি বলেছেন, টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারাও সংক্রমণ ছড়াতে পারেন। খবর সিএনএনের
ড. রিশেল ওয়ালেনস্কি বলেন, গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে এবং ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও বিভিন্ন টিকা খুব ভালোভাবে কাজ করছে। কিন্তু এগুলো সংক্রমণ রোধ করতে পারছে না। তিনি জানান, এই সতর্কতা থেকেই যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহে করোনা ভাইরাসের নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে। ঘরের ভেতরও মাস্ক পরার পরামর্শ দিয়েছে সিডিসি।
গত সপ্তাহে সিডিসির এক গবেষণায় দেখা যায়, ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত টিকা নেওয়া ও না নেওয়া ব্যক্তিরা সমভাবে সংক্রমণ ছড়াতে পারেন। সিডিসির পরিচালক বলেন, কাউকে টিকা দেওয়া হয়নি বা টিকা দেওয়া যাচ্ছে না, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন কারো সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। তা না হলে তিনি ঝুঁকিতে পড়বেন। ডেলটা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে বিপজ্জনকভাবে সংক্রমণ বাড়িয়েছে। তিনি সতর্ক করেন, টিকা না নিলে এবং নির্দেশনা অনুযায়ী মাস্ক না পরলে আবারও লাখ লাখ আমেরিকান করোনায় আক্রান্ত হতে পারেন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৮৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৮৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৮৬০ জন মানুষের।
