লাঠিটিলা সংরক্ষিত বনভূমিকে সাফারি পার্ক না বানানোর আহ্বান

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৫৩

বন বিভাগ কর্তৃক মৌলভীবাজারের লাঠিটিলার ক্রান্তীয় চিরসবুজ ও দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সংশ্লিষ্ট সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পর্যটনের নামে পরিবেশ বিধ্বংসী এজাতীয় প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের ভয়-ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিআইবি। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মৌলভীবাজারে জাতীয় উদ্যানসহ বেশ কয়েকটি ইকোপার্ক থাকা সত্ত্বেও ক্রান্তীয় চিরসবুজ বনে সাফারি পার্ক নির্মাণের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা কতটুকু? সংরক্ষিত বনের মধ্যে সাফারি পার্ক স্থাপন এবং বিবিধ অবকাঠামো নির্মাণ হলে জীববৈচিত্র্য ধ্বংস হওয়াসহ বন্যপ্রাণীর অস্তিত্ব বিলুপ্তি এবং দীর্ঘমেয়াদে পুরো বন ধ্বংস হয়ে যাওয়ার যে আশঙ্কা বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞরা করছেন, তা অমূলক নয়।

এছাড়া এই সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন করা হলে বনের মধ্যে ছয়টি গ্রামের ৩০০ পরিবার ও বননির্ভর স্থানীয় জনগোষ্ঠী উচ্ছেদের আশঙ্কা রয়েছে। তাই লাঠিটিলায় সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক নির্মাণ না করে স্থানীয় অধিবাসী ও বিশেষজ্ঞদের মতামতের প্রতি গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছে টিআইবি।