বরিশালে করোনা ও উপসর্গে ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৬২৪

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৫৪

বরিশাল বিভাগে গতকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করোনা শনাক্ত হয়েছে ৬২৪ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালে পাঁচ জন, ভোলায় চার জন, পটুয়াখালীতে চার জন, ও ঝালকাঠিতে এক জন রয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১৪ জন ও করোনা আক্রান্ত হয়ে দুই জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৬২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৭ হাজার ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৮৯ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ বৃহস্পতিবার রাতের রিপোর্টে ৪২ শতাংশ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ১৮১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩০০ বেডের স্থলে চিকিত্সাধীন ছিলেন ২৮০ জন রোগী।