রানআউট, হ্যাটট্রিকে ম্লান মাহমুদউল্লাহর চেষ্টা

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৫৪

ব্যাট হাতে ফর্ম, ধারাবাহিকতা যেন জিম্বাবুয়েতে রেখে এসেছেন সৌম্য সরকার। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-২০ তে ১২৬ রান করেছিলেন বাঁহাতি এ ওপেনার। দেশে ফিরতেই আবারও বিবর্ণ সৌম্যর ব্যাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে ৪ রান (২, ০, ২) করেছেন তিনি। গতকাল ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে ১১ বল খেলে এলবির ফাঁদে পড়েন তিনি। তার জার্সি নম্বরটাও ৫৯।

মিরপুর স্টেডিয়ামে গতকাল বাংলাদেশের ওপেনাররা সাজঘরে ফিরতে সময় নেননি। দলীয় ৩ রানেই বিদায় নেন নাঈম শেখ (১), সৌম্য। দলকে এমন দুর্বিপাক থেকে টেনে তুলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ, তাকে সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসান। তারপরও বাংলাদেশের স্কোরটা বড় হয়নি মিডল অর্ডারে দুটি রানআউট ও অস্ট্রেলিয়ান অভিষিক্ত পেসার নাথান ইলিসের হ্যাটট্রিকের ছোবলে।

মাহমুদউল্লাহর পঞ্চম হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শেষ তিন বলে মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, মেহেদী হাসান নাথান ইলিসের শিকার হন। আন্তর্জাতিক টি-২০’র ইতিহাসে অভিষেকে এটাই প্রথম হ্যাটট্রিকের ঘটনা। সবমিলিয়ে টি-২০ তে এটি ১৭তম হ্যাটট্রিক।

গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১ ঘন্টা ১৫ মিনিট পর খেলা শুরু হলেও ওভার কমেনি। টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে নাঈম শেখকে (১) হারায়। পরের ওভারে সৌম্যও জাম্পার শিকার হন। সাকিব-মাহমুদউল্লাহর ৪৪ রানের জুটিতে বিপদ কাটায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার করার দিনে সাকিব থেমেছেন ২৬ রান করে। জাম্পার বলে অ্যাগারের হাতে ক্যাচ দেন তিনি।

ইনফর্ম আফিফ এসে রানের গতি বাড়িয়েছিলেন। কিন্তু তার ১৩ বলে ১৯ রানের ইনিংসটার অপমৃত্যু হয়েছে রানআউটের কারণে। কভারে ঠেলে দিয়েই সিঙ্গেল নিতে গিয়ে ক্যারির সরাসরি থ্রোয়ে রান আউট হন আফিফ।

ছয়ে নামা শামীম পাটোয়ারি (৩) সুবিধা করতে পারেননি। নুরুল হাসান সোহানের ব্যাটেও ছিল আত্মবিশ্বাসের ঝলক। দুর্ভাগ্যক্রমে তিনিও রানআউট হন ১১ রান করে। কভারে বল ঠেলে দিয়ে সিঙ্গেলের জন্য ছুঁটেন মাহমুদউল্লাহ। কিন্তু সোহান পৌঁছানোর আগেই মোসেস হেনরিকস সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন।

শেষ দিকে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান ৩০ রানের জুটি গড়েন। তাতেই মূলত লড়াইয়ের পুঁজিটা পায় বাংলাদেশ। চার মেরে ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মাহমুদউল্লাহ। ৫২ রানেই বোল্ড হন তিনি। মেহেদী ৬ রান করেন। অস্ট্রেলিয়ার নাথান ইলিস ৩টি, হ্যাজেলউড, জাম্পা ২টি করে উইকেট নেন।