মেসি কি পিএসজিতে খেলবেন

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৫৬

কোথায় যাচ্ছেন মেসি। বার্সেলোনা ছেড়ে কি পিএসজিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি? চলছে জল্পনা-কল্পনা। মেসি ভক্তরা উত্কণ্ঠায়। বার্সা ছেড়ে নতুন দলে যাবেন। কোন ক্লাবের জার্সি গায়ে খেলবেন। মেসিকে নেওয়ার আগ্রহ দেখিয়ে ছিল পিএসজি। তাহলে কি ধরে নেওয়া যায় মেসি খেলবেন নেইমারের পিএসজিতে।

মাত্র ২৪ ঘণ্টা আগেও একাধিক রিপোর্ট অনুযায়ী সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করার দিকেই এগোচ্ছিলেন লিওনেল মেসি। তবে অভাবনীয়ভাবে শেষ মুহূর্তে সব পরিকল্পনা ভেস্তে যায়। বৃহস্পতিবারই মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করে ঘোষণা করার পরিকল্পনা ছিল বার্সার তরফে। সেই অনুযায়ী মেসির এজেন্টদের সঙ্গে কথাবার্তা বলে চুক্তি স্বাক্ষরের জন্য বার্সা কর্মকর্তাদের মধ্যে আলোচনা করতে মধ্যাহ্নভোজেরও আয়োজন করেছিলেন। তবে মেসির নতুন চুক্তির ব্যাপারে লা লিগাকে অবগত করানো হলেই, স্প্যানিশ লিগের কর্মকর্তারা বাদ সাধেন। রিপোর্ট অনুযায়ী আর্থিক স্বচ্ছতা বা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে বজায় রাখতেই মেসির নতুন চুক্তি নাকচ করে দেয় লা লিগা। উপায় না দেখে মৌখিক চুক্তির পরেও মেসিকে ছেড়ে দিতে এক প্রকার বাধ্যই হয় বার্সেলোনা।

বর্তমান সময়ে দাঁড়িয়ে ফুটবল মহলের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আসছে ফুটবল মৌসুমে মেসিকে কোন দলের জার্সি গায়ে দেখা যাবে। গত বছরই মেসি বার্সা ছাড়ার আগ্রহ দেখালে ম্যানচেস্টার সিটি এবং ফরাসি দল পিএসজি আর্জেন্টাইন তারকাকে দলে নিতে আগ্রহ দেখায়। তবে মনবদলের পর বার্সায় থাকতে আগ্রহী মেসি তখন দুই ক্লাবকেই নাকচ করে দেন। এই দুই দলই মেসির সঙ্গে সম্ভাব্য চুক্তি স্বাক্ষর করার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছে।

মেসির বার্সা ছাড়ার কথা জানাজানি হওয়ার পরই নতুন উদ্যমে এলএমটেনকে দলে নিতে নেমে পড়েছে পিএসজি। গতকালই নতুনভাবে তারা মেসির এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছে। এরই মধ্যে দিন দুয়েক আগে স্পেনের ইবিজায় মেসিকে এক সময়ের সতীর্থ নেইমার এবং জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, লিও প্যারেডেসসহ পিএসজির মার্কো ভারাত্তির সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। নিজের সোশ্যাল মিডিয়ায় নেইমার সেই ছবি পোস্টও করেন। এরপরেই জল্পনা তুঙ্গে। তবে কী কাতালোনিয়া থেকে প্যারিসের উদ্দেশেই পাড়ি দেবেন মেসি। একাধিক জাতীয় দলের সতীর্থ, আর্জেন্টাইন কোচ, দুরন্ত দলের পাশাপাশি বর্তমানে আর্থিক দিক থেকেও ৩৪ বছর বয়সি তারকাকে দলে নেওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গায় ফরাসি ক্লাবটি। তবে এটা ভুললেও চলবে না যে বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তির সব কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। যদি কোনোভাবে লা লিগার সঙ্গে আর্থিক স্বচ্ছতার বিষয়টিতে কোনোরকম চুক্তিতে আসতে পারে বার্সা, তবে কিন্তু ফের বার্সাতেই সই করতে পারেন আর্জেন্টাইন জাদুকর।