একুশ বছরের সম্পর্কের অবসান

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৫৬

সব ঠিক পথেই এগোচ্ছিল, জল্পনা সত্ত্বেও নিজের পারিশ্রমিক অর্ধেক করেও বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে রাজিও হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। কথা ছিল কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠানিকভাবে মেসির নতুন  চুক্তির কথা ঘোষণা করা হবে। তবে হঠাত্ই ভোলবদল।

মার্কার রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার মেসির এজেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে আলোচনায় বসে বার্সেলোনার বোর্ডের কর্মকর্তারা। এই আলোচনা সভার পরেই মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর কথাবার্তা ভেস্তে যায়। বার্সালোনা ক্লাবের তরফেও আজেন্টাইন কিংবদন্তির ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে কাতালোনিয়ার ক্লাব জানায়, ‘বার্সেলোনা এবং মেসির মধ্যে নতুন চুক্তির বিষয়ে কথাবার্তা পাকা হয়ে গেলেও এবং দুই তরফই নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আগ্রহী হওয়া সত্ত্বেও লা লিগার আর্থিক এবং পরিকাঠামোগত বাধার দরুণ এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব নয়। ফলস্বরূপ মেসি বার্সেলোনাতে থাকছেন না। খেলোয়াড় এবং ক্লাব, দুই তরফের ইচ্ছা থাকলেও এই ফলাফলে উভয় পক্ষই হতাশ।’

বার্সেলোনার তরফে মেসিকে তার ব্যক্তিগত এবং খেলোয়াড় জীবনের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্লাবে তার অবদানের জন্যও তাকে ধন্যবাদ জানানো হয়। আর্জেন্টিনা থেকে বালক হিসেবে বার্সেলোনাতে যোগ দিয়ে যে রূপকথা শুরু হয়েছিল, ২১ বছর পর অবশেষে তার পরিসমাপ্তি ঘটল।

মেসি বার্সা ছেড়ে অন্য কোথাও যাবেন না এবং ক্লাবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করবেন, এই প্রতিশ্রুতিতেই বার্সার প্রেসিডেন্ট পদে লড়েছিলেন হুয়ান লাপোর্তা। আর্জেন্টাইন কিংবদন্তি দল ছাড়ায় সমর্থকদের প্রবল রোষের মুখে পড়তে হবে লাপোর্তাকে, এমনকি তাকে প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিতে হতে পারে জল্পনা।

বিশ্বের একাধিক শীর্ষস্তরের ক্লাব ৩৪ বছর বয়সি জাদুকরকে সই করাতে মুখিয়ে রয়েছে। পিএসসি, ম্যাঞ্চেস্টার সিটি, দুই দলের সঙ্গেই বহুদিন ধরে মেসির নাম জড়িয়েছে। কোন দলে নাম লেখাবেন সেটিই দেখার অপেক্ষা।