মাত্র শূণ্য দশমিক এক সেকেন্ডের ব্যবধান। তাতেই পুরুষ ৪–১০০মিটার রিলেতে ৭২ বছরের অপেক্ষা ঘুচাল ইতালি। ৩৭.৫০ সেকেন্ডে রেস শেষ করে দেশটিকে স্বর্ণ এনে দেন চার দৌড়বিদ মার্সেল জ্যাকবস (১০০ মিটারে স্বর্ণ জয়ী), লোরেঞ্জো পাত্তা, এসেওসা দেসালু ও ফিলিপ্পো তর্তু। রূপা জিতে গ্রেট ব্রিটেন (৩৭.৫১) ও ব্রোঞ্জ জিতেছে কানাডা (৩৭.৭০).
বেশ সৌভাগ্য নিয়েই জন্মেছেন জ্যাকবস। টোকিও অলিমিপক তিনি দুই দুইটি স্বর্ণ জিতবেন সেটা কেই বা জানত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজে তো জিতেছেনই সঙ্গে নিজ দেশ ইতালিকে জেতালেন ১৯৪৮ সালের লন্ডন অলিমিপকের পর ৪–১০০ মিটার রিলের স্বর্ণ।
এই ইভেন্টটিতে গত তিন আসরে দাপট দেখিয়েছে জ্যামাইকা। কিন্তু এবার পাচে থেকে শেষ করে দেশটি। বোঝাই যাচ্ছে কিংবদন্তি সিপ্রন্টার উসাইন বোল্ট অবসরে যাওয়ায় কতটা জৌলুস হারিয়েছে তারা। তবে ১৭ বছর পর নারী ৪–১০০ মিটার ইভেন্টে ঠিকই সেরার মুকুট হাতিয়ে নিয়েছে দেশটি। ৪১.০২ সেকেন্ডে রেস শেষ করেন জ্যামাইকার চার অ্যাথলেট ব্রায়ানা উইলিয়ামস, থমসন হেরাথ, শেলি ফ্রেজার ও শারল্কা জ্যাকসন। রূপা জিতে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জের স্বাদ পায় গ্রেট ব্রিটেন।
