ভারতে ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম পরিবর্তন করেছে নরেন্দ্র মোদির সরকার। এই পুরস্কারের নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার’। গতকাল শুক্রবার এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ধ্যানচন্দকে বলা হয় ‘হকির জাদুকর’। টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতার পরদিনই খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচন্দের নামে করার কথা ঘোষণা করেন মোদি।
গতকাল এক টুইটে মোদি লিখেছেন, খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচন্দের নামে করার জন্য দেশের প্রচুর নাগরিকের কাছ থেকে অনুরোধ পেয়েছিলাম। তাদের আবেগকে সম্মান দেখিয়ে, খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার হিসেবে নাককরণ করা হচ্ছে। অপর এক টুইটে ভারতীয় ক্রীড়াজগতে ধ্যানচন্দের অবদানের কথাও উল্লেখ করেছেন মোদি।
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার হলো খেলরত্ন। ১৯৯১-৯২ সালে প্রথম বার দেওয়া হয়েছিল এই পুরস্কার। তা পেয়েছিলেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ক্রিকেটার হিসেবে এই পুরস্কার প্রথম পান শচিন টেন্ডুলকার। শুরুর সময় থেকেই এই পুরস্কারের নাম ছিল কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে। প্রায় ৩০ বছর পর সেই নামে পরিবর্তন এনেছে বিজেপি সরকার।
দিল্লিতে কৃষক আন্দোলনের মঞ্চে
মোদিবিরোধী জোট
কৃষি আইন নিয়ে সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ভারতের বিরোধী দলগুলো। গতকাল দিল্লির যন্তর-মন্তরে কৃষকদের আন্দোলন মঞ্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। রাহুল গান্ধী বলেন, আজ সব বিরোধী দল সরকারের কালো আইনের বিরুদ্ধে একজোট হয়েছি। নতুন কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠকের পরও কোনো সমাধান মেলেনি। এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছে বিরোধী দলগুলো।
