উত্তরা পূর্ব থানায় পুলিশ হেফাজতে এক ট্রাকচালকের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত শেষে দোষীদের বিচারের দাবি জানিয়েছে ট্রাকচালক শ্রমিক ফেডারেশন ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার তেজগাঁও ট্রাক টার্মিনালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনিরের সভাপতিত্বে এ সভায় চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা চৌধুরী-জাফর আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মোতালেব, আলহাজ আবুল কাশেম পাটোয়ারী, আলহাজ আবুল কাশেম ও আলহাজ মো. মাছুম পাটওয়ারী, আজাদ হোসেন প্রমুখ। সভায় বিষয়টি তদন্ত পূর্বক দোষীদের বিচার দাবি করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা অবস্থায় ট্রাকচালক লিটন মারা যায়। পুলিশের দাবি, তিনি হাজতের ভেতর আত্মহত্যা করেন।- সংবাদ বিজ্ঞপ্তি
