জাপানের হিরোশিমা শহরের অধিবাসীরা মার্কিন অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকী পালন করেছেন। মানব ইতিহাসে এটিই ছিল আমেরিকার পক্ষ থেকে প্রথম পারমাণবিক বোমা হামলার ঘটনা যাতে জাপানের এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হেয়েছিলেন। এ ঘটনাকে পর্যবেক্ষকরা বিশ্বের জন্য কলংকজনক অধ্যায় বলে উল্লেখ করে থাকেন। হিরোশিমা দিবস উপলক্ষে শহরটির মেয়র পরমাণু অস্ত্র ধ্বংস করার প্রচেষ্টায় বিশ্ব নেতাদের যুক্ত হওয়ার আহ্বান জানান। শহরটিতে আয়োজিত বার্ষিক স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তবে তিনি ‘ভুলবশত’ বক্তব্যের কিছু অংশ এড়িয়ে যান। পরে অবশ্য এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে মার্কিন সামরিক বাহিনী হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামে একটি অ্যাটম বোমাবর্ষণ করে। এরপর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে অ্যাটম বোমা হামলা চালায় আমেরিকা যাতে নিহত হন ওই শহরের ৭০ হাজার মানুষ। -পার্স টুডে ও রয়টার্স
