রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০০:৪৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পৃথক এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেপির অভিনন্দন : ক্রিকেটে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম। তারা এক বিবৃতিতে বাংলাদেশ দলের এ বিজয়ে দলের অধিনায়ক, কোচ, সব খেলোয়ার ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ।