ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জাপান সরকারের উপহার হিসেবে দেয়া প্রায় ছয় হাজার ডলার মূল্যের একটি হুইস্কির বোতলের খোঁজ মিলছে না৷ সেটি কোথায় গেল তা অনুসন্ধান করছে দেশটির পররাষ্ট্র দফতর৷
দায়িত্বে থাকাকালে ২০১৯ সালের জুনে রাষ্ট্রীয় সফরে জাপান যান তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ সে সময় দেশটির সরকার তাকে একটি হুইস্কির বোতল উপহার দেয়, যার মূল্য ছিল পাঁচ হাজার ৮০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা৷ মেয়াদকালে বিদেশ থেকে ট্রাম্প প্রশাসনের পাওয়া অন্য উপহারের হদিস থাকলেও পররাষ্ট্র দপ্তরে এটির সন্ধান মিলছে না৷ এই বিষয়ে মাইক পম্পেওর নিজেরও কোন ধারণা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী উইলিয়াম ব্রুক৷

ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
বার্তা সংস্থা রয়টার্সকে পম্পেওর আইনজীবী উইলিয়াম ব্রুক জানিয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুইস্কির বোতলটি গ্রহণের বিষয়ে কিছু মনে করতে পারছেন না এবং সেটি কোথায় গেছে সেই বিষয়েও তার কোন ধারণা নেই৷ তবে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে কোন মন্তব্য করেনি৷
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পম্পেও নিজে উপহারটি গ্রহণ করেছিলেন কীনা সেটি পরিস্কার নয়৷ কেননা জাপান সরকার যখন পররাষ্ট্র দপ্তরকে এই উপহারটি হস্তান্তর করে তখন তিনি সৌদি আরব সফরে ছিলেন৷
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের ফেডারেল পররাষ্ট্র বিভাগের অধীনে চিফ অব প্রটোকলের একটি বিজ্ঞপ্তিতে এই উপহারের হদিস না পাওয়ার তথ্য জানানো হয়৷ সেখানে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে এবং এ নিয়ে তদন্ত চলছে৷ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে৷ নিয়ম অনুযায়ী মার্কিন কর্মকর্তারা ৩৯০ ডলারের কম মূল্যের উপহার নিজেদের কাছে রাখতে পারেন৷ এর বেশি মূল্যের উপহার রাখতে চাইলে তার মূল্য পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে৷ কিন্তু পম্পেওর ক্ষেত্রে সেটি হয়নি৷ ডয়েচভেলে।
ইত্তেফাক/এএইচপি
