সব রোগীই মিলেছে জনবহুল তিনটি রাজ্য নিউ
সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে
রয়টার্স ও বিবিসি
অতি সংক্রামক ডেলটার বিস্তার থামাতে হিমশিম খাওয়া অস্ট্রেলিয়ায় এবার এক দিনে ৩৬১ জন স্থানীয়ভাবে সংক্রমিত কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সব রোগীই মিলেছে জনবহুল তিনটি রাজ্য নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে। সংক্রমণের ?ঊর্ধ্বগতি মোকাবিলায় এ রাজ্য তিনটির প্রায় দেড় কোটি মানুষকে কঠোর লকডাউনের ভেতর দিন কাটাতে হচ্ছে; এই সংখ্যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৬০ শতাংশ। শনিবার দেশটি করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ জনের মৃত্যুর খবরও দিয়েছে।
টানা কয়েক সপ্তাহ ধরে সিডনি ও এর আশপাশের অঞ্চলে লকডাউন চললেও নিউ সাউথ ওয়েলসে এদিনও স্থানীয়ভাবে সংক্রমিত রেকর্ড ৩১৯ রোগী শনাক্ত হয়েছে। রাজ্যটিতে এখন হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা ৩৪৫। নিবিড় পরিচর্যায় থাকা ৫৬ জনের মধ্যে ২৩ জন আছেন ভেন্টিলেশনে। নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের একটি অংশ কোভিড নির্দেশনা ঠিকঠাক মেনে না চলায় ‘সমস্যা হচ্ছে’। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বলেছেন, এখন যা ঘটছে, তা হলো কিছু মানুষ নির্দেশনা মানছেন না। ঘরে থাকুন, এটাই সংক্রমণের চক্র ভাঙবে। ঘরে থাকুন এবং টিকা নিন।’
পার্শ্ববর্তী ভিক্টোরিয়াতেও শনিবার ২৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রাজ্যটিতে এ বছর এটাই সর্বোচ্চ দৈনিক শনাক্ত। সংক্রমণের বিস্তার থামতে এই রাজ্যে সাত দিনের লকডাউনও চলছে। গত বছর মহামারি শুরুর পর থেকে এ নিয়ে রাজ্যটির বাসিন্দাদের ছয় দফা লকডাউনের ভেতর দিয়ে যেতে হচ্ছে। কুইন্সল্যান্ডে শনাক্ত হয়েছে নতুন ১৩ রোগী। রাজ্যটিতে সংক্রমণের হার দেশের অন্য অংশের থেকে কম হওয়ায় রবিবার বিকাল থেকে সেখানকার লকডাউন তুলে নেওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে। মহামারি শুরুর পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় রোগী শনাক্ত হয়েছে ৩৬ হাজারের সামান্য বেশি। প্রাণঘাতী ভাইরাস দেশটির ৯৩৭ জনের প্রাণও কেড়ে নিয়েছে।
