‘দু-একটি কাজ ইন্ডাস্ট্রি বদলাতে পারে না’

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২০:৫৯

 বিনোদন প্রতিবেদক

 

‘এখন তো সবাই ভিউ বাণিজ্যের দৌড়ের এগিয়ে থাকা শিল্পী নিয়ে কাজ করছেন। আমাদের সেভাবে ডাকাও হয় না, আর আমিও সেই অসুস্থ প্রতিযোগিতার সঙ্গে থাকতে চাই না।’—বর্তমান নাটকে ভিউগোনা শিল্পী দিয়ে কাজ করানো প্রসঙ্গে কথাগুলো বললেন অভিনেতা মাজনুন মিজান। নিজের ব্যস্ততা নিয়ে তিনি আরো বলেন, ‘এখন তো করোনার কারণে নতুন নাটকের কাজ শুরু করতে পারছি না। তবে নিয়মিত প্রচারিত বাকেরখনি, মেহমান ধারাবাহিক নাটক দুটির পাশাপাশি সতর্ক সংকেত-এর শুটিং করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পূজা উপলক্ষে একটি নাটক নির্মাণ ও একটি নাটকে অভিনয় করবো।’ এক সময়ে নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতাকে আগের মতো অভিনয়ে সরব থাকতে দেখা যায় না। গত ঈদেও খুব অল্পসংখ্যক নাটকে দেখা মিলেছে তার। এ প্রসঙ্গে জানতে চাইলে মিজান বলেন, ‘একে তো করোনাকাল, তার ওপর এখন যে ধরনের নাটক নির্মিত হচ্ছে সে ধরনের কাজ তো আমরা করতে পারি না। কমেডি-রোমান্টিক ঘরানার যে কাজগুলো হয় সেগুলো চাইলেও তো ক্যারিয়ারের এই সময়ে এসে করা যায় না। কারণ আমাদের দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাছাড়া নির্মাতারাও আমাদের সেভাবে প্রয়োজন মনে করেন না। আবার কেউ বললেও চরিত্র বা গল্প পছন্দ না হলে কাজ করা হয়ে ওঠে না।’ এদিকে গত ঈদে বেশকিছু নাটক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। অনেকেই বলছেন নাটক তার গতানুগতিক ধারা থেকে বাইরে এসেছে। গল্প নির্ভর কাজ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চরিত্র সংকটের বিষয়টি কমে এসেছে। এ নিয়ে মিজান বলেন, ‘আমি তেমন কোনো পরিবর্তন দেখিনি। কারণ ঈদে অসংখ্য নাটক নির্মিত হয়েছে। এর মাঝে দু-একটি কাজ ভালো হবে এটাই স্বাভাবিক। দু-একটি কাজ ইন্ডাস্ট্রি বদলাতে পারে না।’ দীর্ঘ ক্যারিয়ারে নাটকের পাশাপাশি বেশ কয়েকটি গল্প নির্ভর চলচ্চিত্রে নিজের সফলতার ছাপ রেখেছেন মিজান। বর্তমানে তার হাতে রয়েছে ৩টি ছবির কাজ। এর মাঝে ‘চক্কর’ ও ‘অগ্নিবীণা’র কাজ প্রায় শেষের দিকে। এছাড়া ১৯৭১ সালের একটি সত্য ঘটনা নির্মিতব্য ‘জেকে ১৯৭১’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটিতে তার উপস্থিতি কম থাকলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলে জানান মিজান।