বৃষ্টি না হওয়ায় আমন আবাদ নিয়ে শঙ্কা

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:২৮

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। বৃষ্টির অভাবে জমিতে রোপা আমন লাগাতে পারছেন না তারা। এদিকে অপেক্ষাকৃত উঁচু জমিতে অনেকে সেচের মাধ্যমে চারা রোপণ করছেন। অনেকে আবার বৃষ্টির অপেক্ষায় আছেন। বড়াইডাঙ্গী গ্রামের আব্দুল হাই জানান, আট বিঘা জমির আমন চারার বয়স বেশি হয়েছে। তাই বৃষ্টির অপেক্ষায় না থেকে সেচে জমি প্রস্তুত করছি। কৃষক মোতালেব জানান, জমি কম, হাতে টাকা নেই। আল্লাহ কখন বৃষ্টি দেয় সেই আশায় আছি। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কৃষকদের সেচের মাধ্যমে চারা লাগানোর পরামর্শই দিচ্ছি।