হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই প্রায় ৬২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬১ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা এবং মোট ব্যয় ৫৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকা। যা গত অর্থবছরের (২০২০-২০২১) চেয়ে ১ কোটি ৮৭ লাখ ৬ হাজার ২৫০ টাকা বেশি। বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এই বছর আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বাজেটের ঘোষণা দেওয়া হয়। গত ৩০ জুন ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। বাজেটে চলমান উন্নয়নসহ অন্যান্য প্রকল্প ও বরাদ্দের পাশাপাশি এবারের বাজেটে করোনা সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বিষয়ে পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন জানান, এবারের বাজেটে পৌর নাগরিকদের ওপর নতুন করে কোনো করারোপ করা হয়নি।
