স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের চার জনের করোনা পজিটিভ এবং পাঁচ জনের করোনার উপসর্গ ছিল। এছাড়াও করোনা-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরো তিন জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের এক জন, নওগাঁর এক জন, পাবনার দুই জন, কুষ্টিয়ার দুই জন ও সিরাজগঞ্জের একজন মারা গেছেন।
রংপুর বিভাগে আরো ১০ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুর বিভাগে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং পাঁচ জেলায় এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগের রংপুরে চার জন, দিনাজপুরে দুই জন, ঠাকুরগাঁয় দুই জন, নীলফামারীতে এক জন এবং গাইবান্ধা জেলায় এক জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮৩ জন। মোট ৪৭ হাজার ৬৭৮ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
