আগৈলঝাড়ায় উপসর্গ নিয়ে ছেলের পর মায়ের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় করোনার উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পরে শোকে মারা গেলেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মল্লিক বাড়িতে শুক্রবার রাতে।

জানা গেছে, সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার রাত ১২টায় মারা যায়। ছেলের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হলে শোক সহ্য করতে না পেরে তার মা সুফিয়া বেগম (৫৫) রাত ২টার দিকে মারা যান। সুফিয়া বেগমও করোনা উপসর্গে  ভুগছিলেন।

আত্মীয় নান্না মল্লিক জানান, তাদের পরিবারের সবাই গত কয়েক দিন যাবত্ করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তার মা সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. হাফিজুর রহমান দিপু জানান, রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ঐ রোগীর প্রেসার এবং অক্সিজেন কমে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হলেও পরে মারা যান।