গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম রনি (৩৭) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-ধর্মপুর সড়কের দারিয়াপুরহাটের অদূরে (উত্তর পাশে) এ ঘটনা ঘটে। নিহত আনারুল গাইবান্ধা পৌরসভার বোর্ডবাজার এলাকার আব্দুল মালেকের ছেলে। আনারুল মোটরসাইকেলযোগে গাইবান্ধার কাবিলের বাজার থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিলেন। হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তানোর (রাজশাহী) সংবাদদাতা জানান, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী আরিফুল ইসলাম (৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার রাত ১টার দিকে তানোর পৌর এলাকার আকচা স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম তানোর পৌর এলাকার রাইতান বড়শো গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রহিম মোল্লার ছেলে। মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন আরিফ। হঠাত্ রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
