সুন্দরবনে জেলে আটক
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া ধরার অপরাধে মো. সাজু মোড়ল নামে এক জেলেকে আটক করেছে কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা। শনিবার ভোরে কদমতলা বন স্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের কুকুমারী খাল থেকে মালামালসহ ঐ জেলেকে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে মৃত কেয়াম উদ্দীন মোড়লের ছেলে। এ সময় কাঁকড়া ধরার কাজে ব্যবহূত একটি নৌকা ও দড়িসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে বন অফিসের সদস্যরা। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, আটক জেলের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনায় মৃতদের দাফনবিষয়ক প্রশিক্ষণ
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে শনিবার করোনায় মৃতদের দাফন, সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন খাগড়াছড়ি সেল ও প্রগতি সংঘের আয়োজনে জেলা সদরের প্রগতি সংঘে এ কর্মশালার আয়োজন করা হয়। খাগড়াছড়ি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মেহমানখানায় আপ্যায়িত হলেন তিন শতাধিক অনাহারী
নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলখানা মোড়ে যুবকদের উদ্যোগে গঠিত ‘মেহমানখানায়’ শনিবার দুপুরে আপ্যায়িত হলেন সুবিধাবঞ্চিত তিন শতাধিক অনাহারী মানুষ। নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজের নেতৃত্বে গঠিত মেহমানখানায় পঞ্চম দিনের মতো এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে জানান মাজহারুল পারভেজ।
হোসেনপুরে শিশুখাদ্য বিতরণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শনিবার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের হাতে শিশুখাদ্য তুলে দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। খাবার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী পালিত
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে অনলাইন আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম।
জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার ফুলবাড়ী প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও দৈনিক দেশ মা-এর সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান কার্যকরী সদস্য আশরাফ পারভেজ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।
ইলেকট্রিশিয়ানদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুরের সাত ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কর্মরত শতাধিক ইলেকট্রিশিয়ানের মধ্যে শনিবার প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।
